মুন্সিগঞ্জ সদরে ২৩৪ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর এলাকার ধলেশ্বরী টোল প্লাজার সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেল ৪টার দিকে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান ওরফে রাসেল শান্ত (৩৮), রিপন মিয়া (৩৬) এবং প্রাইভেটকার চালক আব্দুর রহিম (৩৫)।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মুক্তারপুর সেতুর টোল প্লাজার সামনের পাকা রাস্তা থেকে ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৩৩ নম্বরের একটি টয়োটা এক্সিও প্রাইভেটকার তল্লাশি করে। এ সময় গাড়িটির বুটের ভেতর থেকে ২৩৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে গাড়িসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
