কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা না পেয়ে মো. রবিন মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম। মৃত রবিন একই গ্রামের মৃত হাদিউল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেলে প্রায়ই তিনি তার মায়ের সঙ্গে ঝগড়া করতেন এবং কখনো-কখনো মারধরও করতেন। শনিবার সকালে টাকার জন্য মায়ের সঙ্গে তার আবারও বিরোধ হয়। পরে টাকা না পেয়ে অভিমানে রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।রোববার সকালে ঘুম থেকে ওঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।আচমিতা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদুল্লাহ জানান, রবিন আত্মহত্যার দিনও মাদকের টাকার জন্য তার মায়ের সঙ্গে ঝগড়া করেন। তার মা প্রায়ই ছেলের নির্যাতনের বিষয়ে স্থানীয়দের কাছে অভিযোগ করতেন।নিহতের মা নাজমা আক্তার বলেন, রবিন মাদক সেবনের জন্য প্রায়ই আমার কাছে টাকা চাইত। টাকা না দিলে সে ক্ষিপ্ত হয়ে উঠত। শনিবারও টাকার জন্য ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে কখন ঘরে ফিরেছে তা আমি জানি না।কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
