সারা দেশের মতো কক্সবাজারের পেকুয়ায়ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজনের আয়োজন করা হয়।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন মিলনায়তনে অংশগ্রহণকারীদের নিয়ে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজনের আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ, সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ বোষ, একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
