কুষ্টিয়ার সদরের লাহিনী বটতলা এলাকায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসির শেখ লাহিনী বটতলা এলাকার কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ভাড়া দিয়ে প্যাকেটে মোড়ানো একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে দিয়ে আসতে বলেন। পরে ভ্যানচালক নাসির পার্সেলটি হামিদুল ইসলামের বাড়িতে দিতে গেলে সে পার্সেলটি নিতে অস্বীকৃতি জানান। নাসির পার্সেলটি নিয়ে আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে এসে অপরিচিত দুইজন ব্যক্তিকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে সেটি খোলার চেষ্টা করেন। তারা পার্সেল খোলার পরে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান, সেটি খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।আহত ভ্যানচালক নাসির জানান, পার্সেল দেওয়া দুই ব্যক্তিকে তিনি চেনেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে হামিদুল ইসলামের সঙ্গে পরিচিত বলে দাবি করে পার্সেলটি পৌঁছে দিতে বলেন। পরে হামিদুলকে সেই ব্যাগটি দিতে গেলে তিনি নেননি। ফিরে এসে ওই দুই ব্যক্তিকে আর খুঁজে না পেয়ে পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাগটি খোলার সময় তা বিস্ফোরণ হয়।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তির কোমরের নিচে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
