আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ নতুন স্বীকৃতি পেতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আয়োজনে তাকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা।যা আন্তর্জাতিক অঙ্গনের এক অনন্য স্বীকৃতি। আয়োজকদের ভাষ্য, গত আড়াই দশক ধরে এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা। বলিউড ও হলিউড দুই অঙ্গনেই সমান দক্ষতায় কাজ করে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন এই অভিনেত্রী।পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান সুদৃঢ় করেন প্রিয়াঙ্কা। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে তিনি ‘সিটাডেল’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবেল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ অস্কার মনোনয়নও পেয়েছিল।সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা। এর আগে তিনি পদ্মশ্রীসহ একাধিক সম্মাননা পেয়েছেন।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
