রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন। খবর আল-জাজিরার। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং তা বন্ধে চলমান আলোচনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে এই বৈঠকে। কূটনৈতিক অগ্রগতি, সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।এদিকে, একই প্রেক্ষাপটে চীনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চীন চাইলে আরও অনেক বেশি সহায়তা করতে পারে।’ তবে বেইজিংয়ের ভূমিকা নিয়ে তিনি অতটা হতাশ নন বলেও মন্তব্য করেন।ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেমন বিভিন্ন সংঘাতে তার মিত্রদের সহায়তা করে, তেমনি চীনের অবস্থানকেও তিনি পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না।এছাড়া, আগামী ১৪-১৫ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।এবি
Source: সময়ের কন্ঠস্বর
