বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে উপজেলার মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর ফকির মাঝেরচর এলাকায় নিজের পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্পের সংযোগ স্থাপন করছিলেন। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী মো. রিয়াজ ও মো. লাল মিয়া পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত জাহাঙ্গীর ফকির উপজেলার বাইনচটকি এলাকার মৃত তাজেম আলী ফকিরের ছেলে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
