যশোরের নীলগঞ্জ এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করায় ‘মেসার্স নওয়াব মিলস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৬ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে মিলটিতে ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন, পাম ও সুপার তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন, ১৮ হাজার ৩৬০ লিটার পাম অয়েল এবং ৪ হাজার ১৬০ লিটার সুপার তেল—যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অবৈধ মজুতের পাশাপাশি মিলটিতে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ মিলেছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মিলের মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মজুত করা তেল দ্রুত বাজারে বিক্রির নির্দেশ দিয়ে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
