লেবাননে ইসরায়েলের এ যাবৎকালের সবচেয়ে বড় স্থল অভিযান ও ক্রমাগত হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল) ইরানের প্রভাবশালী সামরিক শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। তবে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলাকে এই চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, আজ সকালে মাত্র দুটি জাহাজকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হলেও বর্তমানে ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত ছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবি নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছে, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে তাদের স্থল ও আকাশপথের হামলা অব্যাহত থাকবে।ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জায়নবাদী সরকার যদি লেবাননে হামলা অব্যাহত রাখে, তবে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা মূল যুদ্ধবিরতি চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসবে। বর্তমানে ইরান লেবাননের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই আকস্মিক পদক্ষেপে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
