দেশ যখন জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার চাপ এবং আমদানি ব্যয়ের ঊর্ধ্বগতিতে টালমাটাল, ঠিক সেই সময় চট্টগ্রামের কর্ণফুলী নদী ঘিরে গড়ে উঠেছে চোরাই তেলের এক সুসংগঠিত, শক্তিশালী ও ভয়ংকর সিন্ডিকেট। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দিয়ে প্রতিদিন অন্তত ৫০ হাজার লিটারের বেশি জ্বালানি তেল অবৈধভাবে পাচার ও বেচাকেনা হচ্ছে, যার পুরোটাই পরিচালিত হচ্ছে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে। অভিযোগের কেন্দ্রে বহুল আলোচিত চোরাকারবারি ‘তেল শুক্কুর’, যার নেতৃত্বে কর্ণফুলী নদী এখন পরিণত হয়েছে এক অদৃশ্য তেল-অর্থনীতির কেন্দ্রে।অনুসন্ধানে জানা গেছে, দেশের জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত হলেও কর্ণফুলী এলাকায় সেই নিয়ন্ত্রণ প্রায় ভেঙে পড়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং এর অধীনস্থ পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরে আগত দেশি-বিদেশি জাহাজ, সব জায়গা থেকেই কৌশলে তেল সংগ্রহ করছে এই চক্র। আইন যেখানে ব্যক্তি পর্যায়ে জ্বালানি তেল আমদানি বা বাজারজাতের কোনো সুযোগ রাখেনি, সেখানে এই সিন্ডিকেট দিনের আলোয় প্রকাশ্যে এবং রাতের আঁধারে গোপনে, দুই সময়েই নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কর্মকাণ্ড।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন নোঙর করছে অসংখ্য দেশি-বিদেশি জাহাজ, যেগুলো অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি বহন করে। এই অতিরিক্ত তেল গোপনে কম দামে বিক্রি করে দেওয়া হয় স্থানীয় চক্রের সদস্যদের কাছে। কোনো ধরনের শুল্ক বা সরকারি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই এসব তেল দেশে প্রবেশ করায় সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। একই সঙ্গে কম দামে বিক্রির কারণে বৈধ বাজার ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় জ্বালানি খাতের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।এই অবৈধ বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে থাকা ‘তেল শুক্কুর’, যিনি দুই দশক আগেও ছিলেন একজন সাধারণ শ্রমিক। বর্তমানে তিনি শতকোটি টাকার সম্পদের মালিক। কর্ণফুলীর দক্ষিণ তীরে তার প্রাসাদোপম বাড়ি, বিলাসবহুল জীবনযাপন এবং প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে করে তুলেছে প্রায় অপ্রতিরোধ্য। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বাধীন বাহিনীতে রয়েছে অন্তত ১৭ জন দখলবাজ ও চিহ্নিত অপরাধী, যাদের প্রত্যেকের বিরুদ্ধে তেল চোরাচালান, হামলা, চাঁদাবাজি ও নির্যাতনের একাধিক মামলা রয়েছে। তবুও রহস্যজনকভাবে তারা থেকে যাচ্ছে আইনের নাগালের বাইরে।শুক্কুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে বহু মামলা, অভিযোগ ও জিডি। চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি মামলা সিআর ৪৪/১৭, বন্দর থানার জিআর মামলা নং ২১৫৫/৯৬, পটিয়া থানায় ০১/৯৬, কর্ণফুলী থানার জিআর মামলা নং ১০/২০০২, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং ১২২/আদেশ নং ১৫, কর্ণফুলী থানার মামলা নং ০১/২০০৯, বন্দর থানা মামলা নং ২২/৯৬। এ ছাড়া হত্যা ও হুমকির অভিযোগে তার বিরুদ্ধে ২০১৬ সালে ১৮ ডিসেম্বর করা কর্ণফুলি থানায় পিপিআর নং ১৬২৭, জিডি ও অভিযোগ ২২/৯৬, ১৭৮১/১৬, পতেঙ্গা থানার পিপিআর নং ২১৯৩, ২০১৭ সালের ৯ মার্চ পিপিআর নং ৩৬০/১৭। তার আপন ভাইও ২০১৬ সালে শুক্কুরের বিরুদ্ধে জিডি করেন কর্ণফুলী থানায়, পিপিআর নং ১৭৮১।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে রাষ্ট্রায়ত্ত কোম্পানির অয়েল ট্যাংকারে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারদেরও কাজ করতে দেওয়া হয় না। জোরপূর্বক নিয়ন্ত্রণ নিয়ে নেয় চক্রের সদস্যরা এবং নিজেদের নিয়ন্ত্রিত লোকবল দিয়ে তেল খালাস ও পরিবহনের কাজ সম্পন্ন করে। পতেঙ্গা গুপ্তখাল ডিপো থেকে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক কার্যত একটি সমান্তরাল জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছে, যা সম্পূর্ণভাবে রাষ্ট্রের বাইরে পরিচালিত হচ্ছে।তথ্য অনুসারে, প্রতিদিন কর্ণফুলীতে অন্তত ৫০ হাজার লিটার তেল হাতবদল হচ্ছে। জাহাজ থেকে প্রতি লিটার তেল ৫০ থেকে ৫৫ টাকায় সংগ্রহ করে তা পাইকারদের কাছে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করা হয়। এই অবৈধ বাণিজ্যে প্রতিদিন কোটি টাকার লেনদেন হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির চাহিদা ও দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। সুযোগ বুঝে তারা জাহাজ থেকে সরাসরি তেল নামিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে খালাস করছে, যা একপ্রকার প্রকাশ্য গোপনীয়তায় পরিণত হয়েছে।কর্ণফুলী নদীর অন্তত ১৫টি স্থানে নিয়মিতভাবে এই চোরাই তেল খালাস করা হয়। মেরিন একাডেমি ঘাট, কালুমাঝির ঘাট, টেইগ্যার ঘাট, মাতব্বর ঘাট, বাংলাবাজার, অভয় মিত্র ঘাট, সদরঘাট ও ফিশারিঘাটসহ একাধিক পয়েন্টে রয়েছে সিন্ডিকেটের শক্ত অবস্থান। প্রতিটি পয়েন্টেই রয়েছে নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা, পাহারা ও দখলদারিত্ব, যেখানে বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা। অভিযোগ রয়েছে, নিয়মিত আর্থিক লেনদেন ও প্রভাব খাটিয়ে তারা আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমকে প্রভাবিত করে। ফলে অভিযান শুরু হলেও তা মাঝপথেই থেমে যায়, কিংবা অভিযানের আগেই চক্রটি সতর্ক হয়ে যায়। এভাবেই বছরের পর বছর ধরে অদৃশ্য শক্তির ছত্রছায়ায় টিকে আছে এই চোরাই তেলের সাম্রাজ্য।এ বিষয়ে চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান সময়ের কন্ঠস্বর-কে জানান, অভিযোগের বিষয়টি তাদের নজরে রয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা বলছে, প্রশাসনের এমন আশ্বাস নতুন নয়; কিন্তু কার্যকর পদক্ষেপের দৃশ্যমানতা এখনো প্রশ্নবিদ্ধ।সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতে এই ধরনের সংগঠিত চোরাচালান শুধু রাজস্ব ক্ষতির কারণ নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে গড়ে ওঠা এই অবৈধ সরবরাহ ব্যবস্থা ভবিষ্যতে জ্বালানি খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত অর্থের প্রবাহ অন্য অপরাধমূলক কর্মকাণ্ডেও ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয়দের কাছে প্রশ্ন উঠছে, কারা রক্ষা করছে এই সিন্ডিকেটকে? কেন বছরের পর বছর ধরে অভিযোগ থাকা সত্ত্বেও নেওয়া হচ্ছে না দৃশ্যমান কঠোর ব্যবস্থা? কর্ণফুলীর বুকজুড়ে গড়ে ওঠা এই ‘কালো তেলের রাজত্ব’ ভাঙতে কি রাজনৈতিক সদিচ্ছার অভাবই প্রধান বাধা?পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

ত্রিশালে বোরো ধানের বাম্পার ফলনের আশা, কালবৈশাখীর শঙ্কা
ত্রিশালে বোরো ধানের বাম্পার ফলনের আশা, কালবৈশাখীর শঙ্কা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নের দিগন্তজোড়া মাঠ এখন সোনালি আভায় উজ্জ্বল। বিস্তীর্ণ ফসলের মাঠে দোল খাচ্ছে কাঁচা-পাকা ধানের শীষ। রোদ Read more

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির Read more

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। এজন্য রাজধানীতে বসবাসকারীদের মার্কেটে যাবার আগে কোন দিন কোন এলাকার Read more

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির
মার্কিন নাগরিকদের জন্য পাল্টা ভিসা বন্ডের ঘোষণা মালির

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের পাল্টায় মার্কিন নাগরিকদের মালির ভ্রমণ অথবা ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত বন্ডের ঘোষণা দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন