দুই মাসের জাটকা সংরক্ষণ কর্মসূচির নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। ফলে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আবারও মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন অর্ধ লক্ষাধিক জেলে।ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। এ নিষেধাজ্ঞার আওতায় মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদীপথে মাছ ধরা সম্পূর্ণ বন্ধ ছিল।জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার নিবন্ধিত জেলে মাছ ধরা থেকে বিরত ছিলেন। নিষেধাজ্ঞার পুরো সময়টায় তারা জাল ও নৌকা মেরামতের কাজ সম্পন্ন করেছেন। ফলে নিষেধাজ্ঞা শেষ হতেই তারা নতুন উদ্যমে ইলিশ শিকারে নদীতে নামার জন্য প্রস্তুত রয়েছে।চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় জেলেদের জন্য খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে মোট ১৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলায় প্রায় সাড়ে ৮ হাজার জেলেকে বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হবে।তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রমের ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, নিষেধাজ্ঞা শেষে জেলেরা ভালো মাছ ধরতে পারবেন।এ বিষয়ে জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান বলেন, দুই মাসের নিষেধাজ্ঞার সময়ে অভিযান চালিয়ে অসাধু জেলেদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের অভিযান সফল হয়েছে বলে তিনি জানান। এতে করে ভবিষ্যৎতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
