সাভারে বিতর্কিত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দেশ টিভির সাংবাদিককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সাভার সাব-রেজিস্ট্রি অফিসের অদূরে পাবলিক লাইব্রেরির বিপরীত পাশে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিক ইমন জানান, তিনি ও তার সহকর্মী ঘটনাস্থলে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় জাকির হোসেন ৩০-৩৫ জন লোক নিয়ে সেখানে এসে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। পরে অন্যান্য গণমাধ্যমকর্মীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ইমন বলেন, সম্প্রতি জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাংবাদিক সাদ্দাম হোসেন বলেন, জাকির হোসেনের আচরণ ছিল আক্রমণাত্মক এবং সন্ত্রাসীসুলভ। তিনি ইমনকে উদ্দেশ করে ‘ওকে নিয়ে চল’ বলে নির্দেশ দেন এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়।এদিকে, ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জাকির হোসেন উত্তেজিত অবস্থায় লোকজন নিয়ে সাংবাদিকদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন।কালের কন্ঠের সাংবাদিক ইমদাদ হোসেন বলেন, জাকির হোসেনের আচরণ কোনোভাবেই স্বাভাবিক ছিল না; বরং তা ছিল ভয়ভীতি প্রদর্শনের শামিল।অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জাকির হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং সমাধানের চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও একপর্যায়ে জাকির হোসেন ক্ষুব্ধ হয়ে বৈঠকস্থল ত্যাগ করেন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ইতোমধ্যে কমিটির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
