মাদক কারবারিদের হুমকি ও নির্যাতনের অভিযোগে কর্মস্থল ও বাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন এক ভুক্তভোগী পরিবার। পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মালা আক্তার।সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলার বনোয়াপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মালা আক্তার জানান, তাদের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার জালালপুর গ্রামে। তিনি স্বামী ও সন্তানসহ ছয় সদস্যের পরিবার নিয়ে কুমিল্লা শহরের একটি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের সঙ্গে সেখানে বসবাস করতেন তার দেবরের স্ত্রী আসমা আক্তার।তিনি অভিযোগ করেন, দেবরের মৃত্যুর পর আসমা আক্তার কুমিল্লার এক মাদক কারবারিকে বিয়ে করেন এবং পরবর্তীতে নিজেও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। নিয়মিত কুমিল্লা থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক এনে নেত্রকোনার জালালপুর এলাকায় সরবরাহ করতেন।ঘটনার বর্ণনায় তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাতে তার ছেলে রিয়াদ ও আসমা আক্তার একই বাসে করে ভোটার আইডি কার্ড করার উদ্দেশ্যে কুমিল্লা থেকে নেত্রকোনার দিকে রওনা হন। পথে কেন্দুয়া রোড এলাকায় ডিবি পুলিশের অভিযানে আসমা আক্তার বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হন।এরপর থেকেই আসমা আক্তার তার ছেলের বিরুদ্ধে তথ্য দেওয়ার অভিযোগ এনে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে দাবি করেন মালা আক্তার। তিনি বলেন, “জেল থেকে জামিনে বের হওয়ার পর আসমা আক্তার তার সহযোগীদের নিয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। একপর্যায়ে তারা আমাদের একটি বাসায় আটকে রেখে মারধর করে এবং বাসা ছাড়তে বাধ্য করে।”তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও পুলিশের সহায়তায় সেখান থেকে পালিয়ে এসে তারা গ্রামের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানেও হুমকি অব্যাহত থাকায় বর্তমানে তারা নেত্রকোনার লক্ষীগঞ্জ এলাকার আঁতকাপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন।ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করে জানায়, এ বিষয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।সংবাদ সম্মেলনে মালা আক্তার প্রশাসন ও সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ, দোষীদের গ্রেফতার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।পিএম
Source: সময়ের কন্ঠস্বর
