জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হরমুজ প্রণালি বিষয়ক খসড়া প্রস্তাবকে ‘সম্পূর্ণ একপেশে, পক্ষপাতদুষ্ট এবং অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি এই কড়া প্রতিক্রিয়া জানান।আমির-সাঈদ ইরাভানি বলেন, প্রস্তাবটি বাস্তবতাকে বিকৃত করছে। তিনি অভিযোগ করেন, “বর্তমান সংকটের মূল কারণগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে আগ্রাসনের শিকার ইরানের ওপর দায় চাপানোর অপচেষ্টা করা হচ্ছে।” তিনি আরও স্পষ্ট করেন যে, এই প্রস্তাবটি তথ্যগত, আইনি এবং রাজনৈতিকভাবে ত্রুটিপূর্ণ।হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডকে সমর্থন করে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, তেহরানের এই পদক্ষেপগুলো সম্পূর্ণভাবে ‘নিজেদের আত্মরক্ষার সহজাত অধিকার’ (Inherent right of self-defence) প্রয়োগের অংশ হিসেবে নেওয়া হয়েছে। তিনি একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে মানতে নারাজ।অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং তাদের ভূখণ্ডে ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা ইরানের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতার পরিপন্থী হিসেবে অভিহিত করেছে।নিরাপত্তা পরিষদের এই অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হতে চলেছে। কূটনৈতিক এই অচলাবস্থা যুদ্ধ বিরতির সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
