মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের পৈতৃক জমি আত্মসাৎ করেছেন অভিনেত্রী এবং তাঁর স্বামী গোল্ডী বহেল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারকা দম্পতি।অভিযোগকারী কৃষকের দাবি, সংশ্লিষ্ট জমিটির ওপর ১৯৫৭ সাল থেকে তাদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমিটি নিয়মবহির্ভূতভাবে কেনা হয়েছে। এখানেই শেষ নয়, ওই জমিতে বেআইনিভাবে নির্মাণকাজ শুরু করা এবং তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে সোনালী ও গোল্ডির বিরুদ্ধে। বর্তমানে ওই জমির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়েছেন অভিযোগকারী কৃষক।এই অভিযোগের ভিত্তিতে সেই কৃষক ইতিমধ্যেই আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছেন।মামলায় সোনালী বেন্দ্রে ও তার স্বামী-সহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।তবে পালটা জবাব দিয়েছেন সোনালী বেন্দ্রে। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমির সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই। কোনও সরকারি নথি বা ক্রয়-বিক্রয়ের দলিলে তাঁর নামও নেই বলে জানিয়েছেন তিনি।সোনালীর আইনি পরামর্শদাতারা জানিয়েছেন, ইতোপূর্বে এই জমি সংক্রান্ত কিছু অভিযোগ আদালতে তোলা হয়েছিল, যা আদালত খরিজ করে দেন। পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আরএ
Source: সময়ের কন্ঠস্বর
