কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।তিনি সময়ের কন্ঠস্বরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা হতে রাত পর্যন্ত বেশ কয়েক ঘন্টার ব্যবধানে টেকনাফে দায়িত্বরত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে অত্র উপজেলার আওতাধিন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২টি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি, ১০ লক্ষ টাকা মূল্যের ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করতে সক্ষম হয়। তবে এই অভিযানটি চলাকালীন সময়ে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে যাওয়ার কারনে কাউকে আটক করতে পারেনি।জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড সদস্যদের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এসআর
Source: সময়ের কন্ঠস্বর
