বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।আটৃতরা হলেন- মো. ইলিয়াস হোসেন দুলু (২৫) এবং মো. রেজাউল (২০) দুজন পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা ।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে সদর ইউনিয়নের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল, মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন এবং নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম জানান, উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
