নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে শাহিনা আক্তার নীরা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মৃত নীরা উপজেলার চক বড়াইগ্রামের নুরুল ইসলামের মেয়ে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি নীলা খাতুনের বোন।প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে তার পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবৎ উপজেলার বাগডোব এলাকার এক তরুণের সঙ্গে নীরার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে স্বজনরা এ সম্পর্ক মেনে নিতে রাজি হননি। উল্টো পরিবারের পক্ষ থেকে তাকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে নীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে বড় বোনের বাসার ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার দুলাভাই জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নীরার লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
