গুলশানে সাবেক একজন এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পরে কখনো দেখা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিষয়টা এখনও যেহেতু তদন্তাধীন আছে, অনুসন্ধান চলছে, তাই মন্তব্য করা উচিত না। তারপরেও যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং আমার নামটা আসার পর আমি অবাকই হই। তিনি বলেন, জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। ২০২২ সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে সম্ভবত সে ছিল। তখন চিনতাম। কিন্তু গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে তার সঙ্গে আমার কখনও কথা বা দেখা হয়নি। উপদেষ্টা আসিফ আরও বলেন, এই ধরণের একটা অভিযোগ আসার পরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বেড় হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেয়ার চেষ্টা করছি যে আসলে কী এই ঘটনা। এবং তিনি দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
