ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’। ৫ ম্যাচ সিরিজের এই সিরিজের ট্রফি ২-২ সমতায় ভাগাভাগি করে দুই দল। তবে এই সিরিজের ফলাফল ভিন্ন হতে পারতো যদি ওভাল টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ড ব্যর্থ না হতো। এই সিরিজ শুধু ফলাফলের দিক থেকেই নয়, রেকর্ডের দিক থেকেও বিশেষ আলোচিত হয়ে উঠেছে। পুরো সিরিজজুড়ে ব্যাটাররা দারুণ ফর্মে ছিলেন, যার প্রমাণ ২১টি সেঞ্চুরি—যা ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী একটি রেকর্ড ছুঁয়েছে।সবশেষ ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে ২১টি শতকের নজির গড়েছিল। সেই রেকর্ড অবশেষে ৭০ বছর পর ছুঁয়ে ফেলেছে ভারত-ইংল্যান্ডের এই হাইভোল্টেজ সিরিজ।এই ২১টি সেঞ্চুরির মধ্যে ভারতীয় ক্রিকেটাররা করেছেন ১২টি, আর ইংল্যান্ডের খেলোয়াড়রা করেছেন ৯টি। ভারতের অধিনায়ক শুভমান গিল একাই হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি। তার পরে রয়েছেন জো রুট। তার ব্যাট থেকে এসেছে ৩টি শতক। এছাড়া হ্যারি ব্রুক, ঋষভ পন্ত, যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল করেছেন দুটি করে শতক। এর বাইরে একটি করে শতক হাঁকিয়েছেন রবীন্দ্র জাদেজা, বেন ডাকেট, জেমি স্মিথ, ওলি পোপ, বেন স্টোকস এবং ওয়াশিংটন সুন্দর।দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এটি এখন শীর্ষস্থানে রয়েছে যৌথভাবে। এর ঠিক পরেই রয়েছে ২০০৩-০৪ সালের দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, যেখানে মোট ২০টি সেঞ্চুরি হয়েছিল। আরও ছয়টি সিরিজে ১৭টি করে শতক হয়েছিল, যা এখন তৃতীয় স্থানে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
