মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দী-চান্দেরচর সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী গ্রামের বেগম বাজার সেতু এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশ নেন খাসকান্দী উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, কিন্ডারগার্টেনের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, গৃহবধূ ও নানা শ্রেণিপেশার মানুষ। কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।মানববন্ধনে বক্তৃতা দেন স্থানীয় প্রবীণ আব্দুল্লাহ, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া সালমান মারিয়াম, ব্যবসায়ী মিন্নত আলী, গৃহবধূ রুনা আক্তারসহ আরও অনেকে।প্রবীণ আব্দুল্লাহ বলেন, ‘এই রাস্তাটা আমাদের জীবনযাত্রার একমাত্র ভরসা। কিন্তু এত বছরেও কোনো উন্নয়ন হয়নি। প্রতিদিন যেন মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হয়। আমরা আর আশ্বাস চাই না, এবার চোখে দেখতে চাই কাজ। মরার আগে অন্তত একটা পাকা রাস্তা দিয়ে হাঁটতে চাই।’শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘এই রাস্তায় প্রতিদিন শিক্ষার্থীদের কাঁদা-পানি পার হয়ে স্কুলে আসতে হয়। এতে ওদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। প্রতিশ্রুতি তো বহুবার পেয়েছি, বাস্তবে কিছুই হয়নি।’শিক্ষার্থী সাদিয়া সালমান মারিয়াম বলেন, ‘আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে যাই। পা পিছলে পড়ে যাই, ইউনিফর্ম নষ্ট হয়, ক্লাসে দেরি হয়। কেন আমরা শহরের শিশুদের মতো নিরাপদ রাস্তা পাব না?’ব্যবসায়ী মিন্নত আলী বলেন, ‘বাজারে পণ্য আনতে গিয়ে ভ্যান গাড়িও চলে না। গাড়ি কাঁদায় আটকে যায়। এতে কৃষক আর ব্যবসায়ী সবাই লোকসানে পড়ে। এই রাস্তা ঠিক না হলে এখান থেকে মানুষ একদিন হেঁটে হেঁটে চলে যাবে।’জানা যায়, খাসকান্দী গ্রামের বেগম বাজার সেতু থেকে চান্দেরচর গ্রামের গাজী মার্কেট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। শুকনা মৌসুমে উড়ছে ধুলোর ঝড়।এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ উল্লাহ বলেন, ‘রাস্তাটির বিষয়টি আমাদের দপ্তরের নজরে এসেছে। খুব শিগগিরই সার্ভে করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’এআই
Source: সময়ের কন্ঠস্বর
