সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার ঘটনায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এক কিশোরকে (১৬) জামিন দিয়েছেন আদালত। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পায় সে।এর আগে বিকেলে পঞ্চগড় শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত সে জামিনে থাকবে। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ওই কিশোর। এ ঘটনায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। তবে ১৬ বছর বয়সী কিশোরটির বয়স মামলার আরজিতে ২০ বছর উল্লেখ করা হয়। এর ফলে তাকে কিশোর সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অভিযুক্ত কিশোরের প্রকৃত বয়স সামনে আসলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।এর আগে শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বয়স নির্ধারণ প্রসঙ্গে জানতে চাইলে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, মামলার আরজিতে যে বয়স উল্লেখ ছিল পুলিশ সেটিই অনুসরণ করছে। অন্যদিকে মামলার বাদী আব্দুস সালাম বলেন, প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় তিনি মামলা করেছেন। কোর্টে এর জবাব দিবেন বলেও জানান তিনি।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
