নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় এক হকারকে মারধরের অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জ পুলের বাজার এলাকায় মো. আজিজুল হক নামে এক হকার ফলের দোকান বসান। এ সময় সালাউদ্দিন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই হকারকে মারধর করেন তিনি।এ ঘটনায় ভুক্তভোগী হকার সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “চাঁদাবাজি ও মারধরের সুনির্দিষ্ট অভিযোগে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
