নিজেই ঠিকাদার বনে গিয়ে কাঁড়ি কাড়ি টাকা কামানো, ভুতুড়ে প্রকল্পের নামে বরাদ্দ আত্মসাৎ, প্লান অনুমোদনের নামে পৌরবাসী থেকে ইচ্ছেমতো টাকা নেওয়া, অতিরিক্ত বিল ভাউচার তৈরি, সিএস অফিস খরচ ও ল্যাব টেস্টের নামে ঠিকাদারদের থেকে লাখ-লাখ টাকা নেওয়া, চাহিদামত ঘুষ নিয়ে এস্টিমেট ব্যতিরেকে অতি নিম্নমানের কাজ করানো, অতিরিক্ত রোলার চার্জসহ নানান দুর্নীতি-অনিয়মের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া পৌরসভা অফিসে এক লুটপাটের রাজত্ব কায়েম করেছে উপ-সহকারী প্রকৌশলী (এস.এ.ই) মো. সেলিম উদ্দিন। একাধিক স্টাফ অভিযোগ করে বলেন, দপ্তরে যিনি যে পদে দায়িত্বরত আছেন, তাদেরকে গুরুত্বহীন করে বহিরাগতদের এনে ইঞ্জিনিয়ার সেকশনসহ বিভিন্ন সেকশনের গোপনীয় কাজ সেরে নিচ্ছেন তিনি।এস.এ.ই সেলিম উদ্দিনের বিরুদ্ধে এসব অনিয়ম, দুর্নীতির খবরে প্রতিবেদকের অনুসন্ধানে হাতিয়া পৌরসভার লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি (এলজিসিআরআরপি) এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (আইইউআইডিপি)সহ এডিপি, টিআর প্রকল্পে চরম অনিয়ম-দুর্নীতির খোঁজ পাওয়া যায়।জানা যায়, প্রায় ৫ বছর আগে নোয়াখালীর হাতিয়া পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী (এস.এ.ই) পদে নিয়োগ পাওয়ার পর সাবেক মেয়র কেএম ওবায়দুল্লা বিপ্লবের সাথে সখ্যতা গড়ে তোলে নিজেকে বড্ড আওয়ামীলীগার বানিয়ে নেন তিনি। এসময় নিয়মবহির্ভূত বহু সুবিধাও নিয়েছেন বলে জানান পৌর অফিসের একাধিক স্টাফ ও ভুক্তভোগীরা। গেল বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর নতুন সুরে পথ চলেন তিনি। এখন ইচ্ছে হলে অফিস করেন, নচেৎ না।বিভিন্ন ভাতাভোগীদের কার্ডে ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাকরিচ্যুত পরিচ্ছন্নতা কর্মী রাশেদ উদ্দিন ও সুইপার এবং বহিরাগত প্রভাবশালীদের সাথে রেখে ক্যাডার স্টাইলে অফিস চালান দাম্ভিক এই কর্মকর্তা। যদিও পৌর প্রশাসকের দায়িত্বে আছেন সহকারী কমিশনার (ভূমি)।হাতিয়া পৌরসভা অফিসের তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় হাতিয়া পৌরসভায় ১৮টি প্রকল্প গ্রহণ করা হয়। যার বরাদ্দ এক কোটি ৪৭ লাখ টাকা প্রায়। সবকটি প্রকল্পে এস্টিমিটের তোয়াক্কা না করে চাহিদামতো পার্সেন্টেজ নিয়ে কাজের মনগড়া পরিসমাপ্তি দেখিয়ে বিলের ব্যবস্থা করেন এস.এ.ই মো. সেলিম উদ্দিন। প্রকল্পসমূহের সরেজমিন অনুসন্ধানে গেলে পৌরসভার ০১ নং ওয়ার্ডের রহমত আলী রোডের মাথায় বক্সকালভার্টটির এস্টিমেটে দু’পাশের দেয়াল মাটি থেকে যথাক্রমে ২০ ইঞ্চি, ১৫ ইঞ্চি, এবং ১০ ইঞ্চি গাঁথুনি দিয়ে করার কথা। কিন্তু সেক্ষেত্রে মাটি থেকে শুধু দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে কোনোপ্রকারের ফিনিশিং ছাড়াই কাজটি শেষ করা হয়।পুরাতন কোর্ট সংলগ্ন হুমায়ুন হোটেলের সামনের রাস্তাটির কাজ সমাপ্তির দেড় মাসের মাথায় পূর্বাংশটি ভেঙে চুরে একাকার হয়ে যায়। এস.এ.ই সবগুলো কাজে অতিরিক্ত হারে ঘুষ নেওয়ায় কাজের মান এমন বলে জানান সংশ্লিষ্টরা।এস.এ.ই সেলিম এডিপি প্রকল্পের সবগুলো কাজে ঠিকাদারদের থেকে ল্যাব টেস্টের নামে ২ পার্সেন্ট, সিএস খরচ নামে ২ পার্সেন্ট এবং অফিস খরচ নামে ৫ পার্সেন্ট ছাড়াও বিভিন্ন সময় নানা অযুহাতে মোট ১০ পার্সেন্ট টাকা নিয়েছেন বলে জানান ঠিকাদারেরা। এছাড়া এডিপির প্রকল্পসমূহের অনেকগুলো কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারদের সাথে যোগসাজশে সমপরিমাণ টাকা ভাগ নিয়েছেন বলে জানা যায়। ঠিকাদাররা জানান, ল্যাব টেস্টের প্রচলন এবারই প্রথম। সিএস এবং অফিস খরচ অতীতে আরো কম নিতো। এস.এ.ই তাদের উপর জুলুম করেছেন বলে জানান এসব ভুক্তভোগীরা।এডিপির এই কাজগুলো প্রকল্পভুক্তকরণ তথা প্রতিটি প্রকল্প পাসে এস.এ.ই সেলিম ১৫ থেকে ২০ হাজার টাকা করে সংশ্লিষ্ট প্রকল্পের পার্শ্ববর্তী সেবা গ্রহীতাদের থেকে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে পৌরসভা ০১ নং ওয়ার্ডের ‘ছেরাজল হক রোড’র পার্শ্ববর্তী একাধিক সেবা গ্রহীতা জানান, এস.এ.ই সেলিমকে তারা ২০ হাজার টাকা দিয়ে অনেকদিনের প্রত্যাশিত রাস্তাটি প্রকল্পভুক্ত করেছেন।পৌরসভা এলাকায় যে কয়টা ছোট-বড় মার্কেট হয়েছে এবং একতলা ছাদ ঢালাই কিংবা দ্বিতল ভবনের বাসা হয়েছে, তাদের থেকে ল্যাব টেস্ট এবং প্লান অনুমোদনের কথা বলে ৭০ থেকে এক লক্ষ ৩০ হাজার টাকা করে নিয়েছেন এস.এ.ই সেলিম। মালিকপক্ষ জানান, তাদের নাম প্রকাশ করলে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিবে পৌরসভা অফিস। তাই নাম প্রকাশে আপত্তি জানান তারা।এদিকে, এলজিসিআরআরপি এবং আইইউআইডিপি’র আওতায় হাতিয়া পৌরসভায় প্রায় ৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের কাজেও চাহিদামতো ঘুষ নিয়ে এস্টিমেট ব্যতিরেকে এস.এ.ই তার মনগড়ামতো কাজ করিয়েছেন। প্রকল্পসমূহের কয়েকজন ঠিকাদারের সাথে প্রতিবেদকের কথা হয়। তারা জানান, ৫ পার্সেন্ট ছাড়াও, ওয়ার্ক অর্ডার, সিএস অফিস খরচ মিলে ১০ পার্সেন্ট হারে এলজিসিআরআরপি এবং আইইউআইডিপি প্রকল্পসমূহে সবার থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এস.এ.ই সেলিম। সাইড ভিজিটেও যার থেকে যেভাবে পেরেছেন টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।তারা আরো জানান, একদিনে রোলার খরচ ৮ হাজার এবং জ্বালানি-ড্রাইভার খরচ আরও দেড় হাজার টাকা করে নেন এস.এ.ই সেলিম। অথচ রাজস্বে মাত্র ৫০০-১০০০ টাকা জমা দেওয়ার খবর পাওয়া যায়। ঠিকাদারদের থেকে আনডকুমেন্টারি কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার কিছু তথ্য প্রমাণও পাওয়া যায় পৌর অফিস অনুসন্ধানে।চাকরিচ্যুত রাশেদের মাধ্যমে একাধিক প্রকল্পের ঘুষ ও পার্সেন্টেজ আদায় করতেন এস.এ.ই সেলিম। এ ক্ষেত্রে রাশেদও তার বাড়ির ৩/৪ জন আত্মীয়কে নিয়ে এস.এ.ই সেলিমের দুর্নীতির কাজে সাপোর্ট ও সাহস জোগাতেন। যা ইতোপূর্বে কয়েকটি প্রতিবেদনেও প্রকাশ পায়।উল্লেখিত প্রকল্পসমূহে কেউ কাজ কিনে নিয়েছেন আবার কেউ অন্যের ঠিকাদারি প্রতিষ্ঠানে নিয়েছেন। চলমান কিছু বিল আটকে থাকায় তারা আপাতত নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসবের তদন্তে আসলে তারা গভীরের যত অনিয়ম সব প্রকাশ করে দেবে।লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় এম আলী রোড (ফজলি বাড়ি)’র কার্যাদেশ পাওয়ার আগে ঠিকাদার মৃত্যুবরণ করেন। ঠিকাদার বা তার অন্য কোন প্রতিনিধি ছাড়া এস.এ.ই মো. সেলিম উদ্দিন নিজেই ঠিকাদার সেজে চলতি বিল উত্তোলন করেন। নিজে ঠিকাদার হয়ে ৬ ইঞ্চি সাব-বেজের স্থলে মাত্র ২ ইঞ্চি করেন। উল্লেখিত এসব ক্ষেত্রে এস.এ.ই সেলিম কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এছাড়া, ২০২৪-২৫ অর্থ বছরে হাতিয়া পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ১৮টি প্রকল্পের মধ্যে চারটি প্রকল্প বরাদ্দ দিয়েছেন বহিরাগত তিন ব্যক্তিকে সদস্য করে। যেখানে প্রকল্পগুলোর নামমাত্র সভাপতি করা হয়েছে সমাজ সেবা ও যুব উন্নয়ন কর্মকর্তাকে। প্রকল্পগুলোর কোনোপ্রকার কাজ না করিয়ে টাকা তুলে নেওয়ার সত্যতা পাওয়া গিয়েছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে প্রকল্পসমূহের কাজের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। তিনটি প্রকল্পের সভাপতি সমাজ সেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন জানান, এস.এ.ই মো. সেলিম কাজ করাবে বলে লোক পাঠিয়ে তার থেকে স্বাক্ষর নিয়েছেন, পরে তারা আর কিছু জানায়নি। ১২ নং প্রকল্পের সভাপতি ও যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, তাকে প্রকল্পের সভাপতি করা সম্পর্কে কিছু জানেন না।এভাবে বিভিন্ন ভুতুড়ে প্রকল্পের নাম দিয়ে বাকি প্রকল্পগুলোর মাত্র ছয়টিতে যৎসামান্য কাজ করিয়ে টিআর প্রকল্পে বরাদ্দকৃত ২০ লাখ টাকার প্রায় সব টাকা এস.এ.ই মো. সেলিম উদ্দিন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে স্থানীয় সচেতন নাগরিকেরা উল্লেখিত এসব প্রকল্পসমূহের বিল উত্তোলন সংক্রান্তে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এছাড়াও উপকূলীয় এই দ্বীপ এলাকায় ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্তি, নবায়ন ও উন্নতি করার জন্য অতিরিক্তি ফি আদায় যেন না হয়, সে বিষয়ে পৌর প্রশাসকের নিকট দাবি জানান আবেদন প্রার্থীরা।পৌরসভা অফিসের কার্য সহকারী রেজাউল হাসান বলেন, ‘প্রকল্পের কোনো কাজ সম্পর্কে তাকে জানানো হয়নি ইঞ্জিনিয়ার সেকশন থেকে।’প্রকল্পের এসব কাজে অনিয়ম, দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে এস.এ.ই মো. সেলিম উদ্দিন জনকন্ঠকে বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। বরং কয়েকটি কাজের মান খারাপ হওয়ায় আমি ঠিকাদারের বিল আটকে রেখেছি। এসব বিষয়ে আপনি এসিল্যান্ডের (প্রশাসক) সাথে কথা বলতে পারেন, তিনি আরো ভালো বলতে পারবেন।’এস.এ.ই মো. সেলিম উদ্দিনের ভাষ্য অনুযায়ী হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মং এছেন, কে দুইদিন ধরে কয়েকবার মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনিও কল রিসিভ করেননি। যে কারণে তাদের বক্তব্য নেয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন
মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ

দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের একের পর এক দাবি ও আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, প্রতিদিন গড়ে চারটি Read more

কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়
কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়

মাদারীপুরের কালকিনির পৌর এলাকার ভুরঘাটা আবুল হাসেম ফিলিং ষ্টেশনে অকটেন, পেট্রোল না থাকলেও  ডিজেল সংগ্রহ করতে কৃষকদের উপচে পড়া ভিড় Read more

ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ সেনাবাহিনীর হাতে আটক ৩
ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ সেনাবাহিনীর হাতে আটক ৩

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপির নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত Read more

এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার সিদ্ধান্তে ঐকমত্য সব দলের

এক ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না— এই সিদ্ধান্তে ঐকমত্য হয়েছে সব রাজনৈতিক দলের। এছাড়া তারা Read more

ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল
ভোলায় শুরু হয়েছে ফেরী চলাচল

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার একদিন পর ভোলা-বরিশাল ও ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে শুরু হয়েছে ফেরী চলাচল।শুক্রবার (৩০ মে) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন