নরসিংদীতে প্রেম ঘটিত কারনে এক তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় দুই পরিবারের সংঘর্ষ ও প্রেমিকা বাড়িসহ তার স্বজনদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে মাধবদী থানার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা হয়।আহত সাজ্জাদ হোসেন (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সাজ্জাদ হোসেন (২২) খনমুর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। তার সঙ্গে সম্পর্ক থাকা তরুণীর বাড়িও একই এলাকায়। সাজ্জাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি তার পরিবার মেনে নেয়নি।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই সাজ্জাদের সঙ্গে একই এলাকার ফারজানা আক্তারের হৃদ্যতার সম্পর্ক ছিল। এই সম্পর্ক মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। রোববার সাজ্জাদকে কুপিয়ে জখম করে ওই তরুণীর ভাই, চাচাসহ কয়েকজন। পরে সাজ্জাদকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এতে দুই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ক্ষিপ্ত হয়ে ওই তরুণের পরিবারের লোকজন ফারজানার বাড়িসহ তার চাচা ও ফুফুর চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।খবর পেলেও স্থানীয়দের বাধায় প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজে যেতে পারেনি ফায়ার সার্ভিস। এতে আগুনে পুড়ে যায় চারটি বাড়ির আসবাপত্রসহ সব সরঞ্জাম। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান সাংবাদিকদের বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কিছু মানুষের বাধায় আগুন নেভানোর কাজ যথাযথভাবে করতে পারেননি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বিষয়টি তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর
