পটুয়াখালীর বাউফল উপজেলায় এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল) উপজেলার কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সূত্রে জানা গেছে, রবিবার ছিল ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা। সকাল ১০ টায় পরীক্ষা শুরুর কিছু সময় পর বরিশাল শিক্ষাবোর্ডের একটি ভ্রাম্যমান পরীক্ষা পর্যবেক্ষণ প্রতিনিধি দল আকষ্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ওই সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বের দায়ে একই কক্ষের আট শিক্ষার্থীকে বহিষ্কার করে এবং ওই পরীক্ষা কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা শিরিন আক্তার ও শংকর চন্দ্র হালদারকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়। দুজনই উপজেলার হাজেরা তালুকদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কালিশুরী এসএ ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. ইউসুফ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাঠানো ভ্রাম্যমান দলের সদস্য ও বরিশাল বিএম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামানের নজরে নৈব্যত্তিক পরীক্ষার সময় আট পরীক্ষার্থীর অসদুপায় ধরা পড়ে। এ কারণে আট শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে থাকা দুজন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
