মায়ের বহুদিনের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বউ আনবে। সেই স্বপ্ন পূরণ করতে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নেত্রকোনার আটপাড়া উপজেলার মালয়েশিয়া প্রবাসী রাজিব তালুকদার।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হেলিকপ্টারে করে নববধূ নিয়ে বাড়িতে ফেরার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত আছাব উদ্দিন তালুকদারের ছেলে রাজিব তালুকদার। বাবা মারা যাওয়ার পর রাজিব মালয়েশিয়া প্রবাসী হন। রাজিবের মা সবসময়ই ইচ্ছা প্রকাশ করতেন, ছেলের বিয়েতে ভিন্নধর্মী আয়োজন করবেন এবং হেলিকপ্টারে করে পুত্রবধূকে ঘরে তুলবেন। মায়ের সেই ইচ্ছা রক্ষা করতেই রাজিব এই উদ্যোগ নেন।শনিবার দুপুরে রাজিব তার মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে পার্শ্ববর্তী মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের মেয়ে রাইসা আক্তারকে বিয়ে করতে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই নববধূকে নিয়ে হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফিরে আসেন তিনি। এ সময় রাজিবের মা নিজেও ছেলের সঙ্গে হেলিকপ্টারে চড়ে পুত্রবধূকে নিয়ে আসেন।রাজিবের মা আবেগাপ্লুত হয়ে বলেন, “ছেলের বাবার মৃত্যুর পর থেকেই আমার শখ ছিল হেলিকপ্টারে করে বউ আনবো। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি।”এদিকে হেলিকপ্টারে নবদম্পতির আগমনকে কেন্দ্র করে কুলশ্রী গ্রামসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিরল এই দৃশ্য দেখতে নারী-পুরুষ ও শিশুসহ শত শত মানুষ ভিড় করেন। উপস্থিত জনতাকে নিজ নিজ মোবাইল ফোনে এই মুহূর্তটি ধারণ করতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামে এমন রাজকীয় আয়োজন সচরাচর দেখা যায় না। প্রবাসী রাজিবের মায়ের প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন এখন পুরো আটপাড়া উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
