চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে এক যুবককে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হাজিরখিলের ৮ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমদের দৌহিত্র মাইন উদ্দিনদের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন ওই যুবক। এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে এবং আশপাশের লোকজনকে খবর দেয়। পরে উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
