চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার দুইটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। এক কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে এক ছাত্রদল নেতা হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অন্য কেন্দ্রে পরীক্ষা চলাকালে এক কথিত সাংবাদিক হলে ঢুকে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয় ও জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দুটি ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিঠাছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে ছাত্রদল নেতা নাঈম সরকার হলে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও হাত মেলান। এ সময় দায়িত্বপ্রাপ্ত কিছু ব্যক্তি বিষয়টি দেখলেও তাৎক্ষণিকভাবে তাকে বের করে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।অন্যদিকে, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে এন আলম রাসেল চৌধুরী নামের এক কথিত সাংবাদিক হলে প্রবেশ করে ভিডিও ধারণ করেন। পরীক্ষা চলাকালে কোনো অননুমোদিত ব্যক্তির কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও এ ঘটনায় কেন্দ্রের নিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, এ ধরনের অনিয়ম পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করে এবং পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করে।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন বলেন, গেইটে আমাদের ট্যাগ অফিসার দায়িত্বে ছিলেন, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। এভাবে কেন্দ্রে প্রবেশ করা নিয়মবহির্ভূত। আমি কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করছি। সত্যতা পাওয়া গেলে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, পরীক্ষা চলাকালীন কোনো সাংবাদিক বা অননুমোদিত ব্যক্তির কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
