আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দেশব্যাপী চলছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে একযোগে সারাদেশের সব কেন্দ্রে এই পরীক্ষা শুরু শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। এর আগে, গতকাল সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষার ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় এ বছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে। কোনোভাবে পরীক্ষার ক্ষতিসাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার খাতা মূল্যায়নে মানবিক নম্বর দেওয়ার নির্দেশনা নেই এবং উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে এবার। ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন ছাত্র-ছাত্রী অংশ নিতে যাচ্ছেন এবারের এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন। এছাড়া, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিতে যাচ্ছেন ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন মোট শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ও ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৭৪২টি। সেইসঙ্গে কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নিতে যাচ্ছেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। কারিগরি বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
