কুড়িগ্রামের উলিপুর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধর, অবরুদ্ধ করে রাখা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায়। এঘটনায় ওই বৃদ্ধ বাবা উলিপুর থনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী মো. আজাহারুল ইসলাম (৬৩) তার অভিযোগে জানান, তার দুই ছেলে মো. আল ইমরান (৩৮) ও মো. আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তিনি এতে রাজি না হওয়ায় তারা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও অভিযুক্তরা তাতে উপস্থিত হননি।অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে দুই ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি বাধা দিলে অভিযুক্তরা ইট ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে আল ইমরান লাঠি দিয়ে আঘাত করলে তিনি তা প্রতিরোধ করতে গেলে তার ডান হাত মোচড় দিয়ে গুরুতর জখম করা হয়। অপর ছেলে আবু হুরায়রা ইট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে বড় ছেলে আ ন ম রেজওয়ানুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করেন।এ সময় অভিযুক্তরা রেজওয়ানুল ইসলামকেও মারধর করে এবং পরে আজাহারুল ইসলামকে একটি ঘরে আটকে রেখে দরজায় তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। তার চিৎকারে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, আমার বাবার কাছে আমার ছোট দুই ভাই জমি লিখে চায়। জমি লিখে না দেওয়ায় তারা বাবার ওপর নির্যাতন করে। এলাকাবাসী আপোষ মিমাংসার জন্য ডাকলেও তারা হাজির হয় না। এ ঘটনায় বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত ছেলে আল ইমরানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।সোমবার (২০ এপ্রিল) উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, এলাকাবাসীসহ ওই বৃদ্ধা থানায় এসেছিলেন। একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
