কালিয়াকৈরের হত্যা মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মচারী সাফিকুল ইসলাম ওরফে বুলবুল হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রাখালিয়াচালা এলাকার মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন মাসুদ এবং একই এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে রিপন মিয়া। এ সময় নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে শফিপুর আনসার একাডেমি সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সাফিকুল ইসলাম বুলবুলকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। পরদিন ১৬ এপ্রিল সকাল ছয়টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে নিহতের স্ত্রী ফরিদার সহায়তায় পরিচয় শনাক্ত করেন। তদন্তে জানা গেছে, ঘটনার রাতে বুলবুল তার স্ত্রীকে আনতে শফিপুর ফ্লাইওভারের নিচে অপেক্ষা করছিলেন। এ সময় গ্রেফতারকৃতদের সঙ্গে আরও কয়েকজন অটোরিকশাযোগে এসে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে তার বাম উরুতে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে আনসার একাডেমির অদূরে ফুটপাতের পাশে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর
