সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন গায়ক ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের এই নতুন গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেতে যাচ্ছে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এই গানটি সম্পর্কে ইমরান মাহমুদুল জানান,এটি মূলত ‘স্যাড রোম্যান্টিক’ ঘরানার একটি কাজ। হৃদয় খানের সুরে গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন গায়ক।ইমরান জানিয়েছেন, ফেইসবুকে রেকর্ডিংয়ের সময়ের ছবি শেয়ার করার পর থেকে ভক্ত শ্রোতারা গানটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনিও বেশ আশাবাদী।নিয়মিত নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটছে এই শিল্পীর। সিনেমা, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান সব মাধ্যমেই নতুন গান নিয়ে সরব ইমরান।রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার তিনটিতেই প্লেব্যাক করেছেন ইমরান। ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’, ‘রাক্ষস’ সিনেমায় ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’ গানগুলো গেয়েছেন ইমরান।স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে ইমরানের। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাবেন তিনি, ফিরবেন ৭ মে। এরপর জুলাইয়ে যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
