পাবনা জেলার অন্যতম দুধ উৎপাদনকারী ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির অপরাধে ফারুক হোসেন নামে এক দুধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলার সিংগাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি উদ্ধার করে তা ধ্বংস করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনা জেলার ভাঙ্গুড়া, বেড়া, সাঁথিয়া, ফরিদপুর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা নিয়ে গড়ে উঠেছে দেশের অন্যতম প্রধান দুধ উৎপাদনকারী অঞ্চল। এখান থেকে দুধ সংগ্রহ করে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটাসহ বেসরকারি বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ফারুক দুগ্ধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ক্ষতিকর জেলি, সয়াবিন তেলসহ নানা উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। এসব নকল দুধ তিনি দেশের নামকরা বিভিন্ন সিলিং সেন্টারে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় দুগ্ধ ব্যবসায়ী ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি উদ্ধার করে তা ধ্বংস করা হয়।ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, ভেজাল দুধ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেখান থেকে ২০০ লিটার ক্ষতিকর জেলি জব্দ করে তা ধ্বংস করা হয়।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
