যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে জোরদার কূটনৈতিক তৎপরাতার অংশ হিসেবে সৌদি আরব, কাতার ও তুরস্কের উদ্দেশে ৪ দিনের সফরে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।বুধবার (১৫ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেহবাজ শরিফের ওই সফরে যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়।দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরব ও কাতার সফর দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, তুরস্কে অবস্থানকালে সেখানে অনুষ্ঠেয় আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন তিনি।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তালিয়া ফোরামের বৈঠকের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শুরু হওয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে ইসলামাবাদে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। ওই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে ভয়াবহ এক সংঘাতের ঘূর্ণিপাকে নিমজ্জিত করেছে। ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তু এবং এই অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরান।তবে ইসলামাবাদের আলোচনা কোনও ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানীতে আবারও ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা শুরু হতে পারে।ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সত্ত্বেও আগামী সপ্তাহ পর্যন্ত দুই দেশের মাঝে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।বুধবার বিকেলের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, শেহবাজ শরিফের এই সফরে সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ইশহাক দার।পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বুধবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে পাকিস্তানকে ৩০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে রিয়াদ। রিয়াদের এক সময়ের মিত্র বর্তমান প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে কোটি কোটি ডলারের ঋণ ফেরতের ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এই সহায়তা দিলো সৌদি।পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের দেওয়া ৫০০ কোটি ডলারের আমানতের মেয়াদও অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
