মাগুরায় সুমন নামে এক ইজিবাইক চালককে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। নিহত সুমন মাগুরার মীরপাড়া গ্রামের আয়নাল মোল্যার ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মাগুরা সদর সার্কেল পুলিশ সুপার দীপঙ্কর রায়।মামলার তদন্ত কর্মকর্তা জানায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর (মৌপাড়া) এলাকায় একটি কলাবাগান থেকে সুমন মোল্লা (১৬) নামের এক ইজিবাইক চালক বিভৎস ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. ফেরদৌস হোসেন (২৪), মো. তাজুল ইসলাম (২৩), মো. শাকিব শেখ (১৯), মো. তারিকুল ইসলাম (২৬)পুলিশ সুপার জানায়, মোবাইল ফোন সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে সুমনকে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হলে লাশ গোপন করতে কলাবাগানে ফেলে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
