পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিরাজুল ইসলাম শাওনের (২০) বাড়ি আমতলী উপজেলার উত্তর সোনাখালী গ্রামে। তার বাবার নাম গাজী শাহজাদা। অপর নিহত বেল্লাল মুসুল্লীর (৩৫) বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মাইঠভাঙ্গা গ্রামে। তার বাবার নাম হাসেম মুসুল্লী।জানা গেছে, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহিষকাটা থেকে আমতলীর দিকে যাচ্ছিল। পথে আমতলী ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী মিরাজুল ইসলাম শাওন (২০), অটোচালক ফাহাদ (২১), জসিম সিকদার (৪৫), তুহিন (২২) ও বেল্লাল (৩৫) গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক ডা.পপি হালদার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মিরাজুল ইসলাম শাওন ও বেল্লাল মুসুল্লী মারা যান।ট্রাকটি স্থানীয় জনতা বাদুরা বাজার এলাকায় আটক করে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আমতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে দুইজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
