ঢালিউড অভিনেতা আরিফিন শুভ মডেলিং দিয়ে ২০০৪ সালে ক্যারিয়ার শুরু করে এখন ওটিটি প্ল্যাটফর্মেও সমানভাবে সক্রিয়। সম্প্রতি BBC বাংলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন, ক্যারিয়ারের চ্যালেঞ্জ ও ‘মুজিব’ সিনেমা নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেছেন।শুভ জানান, ২০২৪ সাল তার জীবনের অন্যতম কঠিন সময়—এই বছরেই তিনি মাকে হারান এবং তার বৈবাহিক জীবনেরও ইতি ঘটে। একই সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার হয়েছেন বলেও দাবি করেন।মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয়ের জন্য ১ টাকা পারিশ্রমিক নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল তার মুক্তিযোদ্ধা বাবার প্রতি আবেগ থেকে নেওয়া সিদ্ধান্ত। জমি পাওয়ার গুঞ্জন নাকচ করে শুভ জানান, তিনি আবেদন করলেও কোনো প্লট পাননি।তিনি বলেন, ‘রাজনীতিতে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আমার মনে হয় ‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল। কিন্তু আমি সারাজীবন অভিনয়ই করেছি। আমাকে কেউ কখনও রাজনৈতিক কোনো কিছুর সাথে প্রমাণ করতে পারবে না।’এই কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়াকে তিনি ইতিবাচকভাবে দেখছেন, কারণ এর মাধ্যমেই তিনি আসল মানুষদের চিনতে পেরেছেন। নিজের জীবনের লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে মাকেই দেখছেন এই অভিনেতা। মুম্বাইয়ের কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশন শেষে শুভ যুক্ত হয়েছেন নতুন কাজ ‘সিটি’-তে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার মিউজিক্যাল কালচার নিয়ে এই কাজটির জন্য তিনি বেশ আশাবাদী। ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৫৭ টাকা পকেটে নিয়ে ঢাকায় আসা শুভ ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করার স্বপ্ন দেখেন।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
