কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে, যিনি লতা মঙ্গেশকরের বোন, গত ১২ এপ্রিল চিরবিদায় নেন। তার মৃত্যুর পর ভক্তরা কিছু অদ্ভুত মিল খুঁজে পান। দুই বোনের মৃত্যু যেন একই সুতায় গাঁথা।লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান। কাকতালীয়ভাবে, আশা ভোঁসলে ২০২৬ সালের ১২ এপ্রিল একই বয়সে মারা যান। শুধু বয়সই নয়, দুই বোনই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।চিকিৎসা বিজ্ঞানের নথিতেও এই দুই কিংবদন্তির বিদায়ের ধরনে কোনো পার্থক্য নেই। বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ‘মাল্টি অর্গান ফেলিওর’ বা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে। ঠিক একই শারীরিক জটিলতায় ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আশা ভোঁসলেও। এমনকি দুই বোনের বিদায়ের দিনটিও ছিল সপ্তাহের একই দিন- রোববার।দীর্ঘ ক্যারিয়ারে লতা ও আশার মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে সংগীতাঙ্গনে অসংখ্য মুখরোচক গল্প প্রচলিত আছে। বহুবার তাদের মনোমালিন্য এবং একে অপরের সঙ্গে কথা বন্ধ রাখার মতো খবরও শিরোনাম হয়েছে। তবে সময়ের আবর্তে সেই তিক্ততা ফিকে হয়ে গিয়েছিল অনেক আগেই। আর জীবনের এই অন্তিমলগ্নে এসে বয়স, স্থান ও শারীরিক কারণের এমন হুবহু মিল যেন প্রমাণ করে দিল, দিনশেষে তারা একে অপরের ছায়াসঙ্গীই ছিলেন।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
