জামালপুরের দেওয়ানগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের দেওয়ানগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, সার ব্যবসায়ী সুকুমার সাহা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন। এই অপরাধে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া, দোকানে মেয়াদোত্তীর্ণ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কীটনাশক রাখার দায়ে নেপাল চন্দ্র সাহা ও বিকাশ চন্দ্র সাহা নামের অপর দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে সার ও কীটনাশকের দাম স্বাভাবিক রাখতে আমাদের এই অভিযান। অতিরিক্ত দামে সার বিক্রি ও ভেজাল বা মেয়াদহীন ওষুধ বিক্রির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।”অভিযান চলাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন মিয়া এবং দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
