চট্টগ্রাম মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইল ডাঙ্গা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনা নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে ছুটে চলা একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ডারে সজোরে আঘাত হানে। গাড়িটিতে থাকা এক যুবক ও এক তরুণী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় এবং পুলিশের উদ্যোগে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে, আহত তরুণী সামিয়া জাহান তানিশা হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও বেদনার ছায়া। উদ্ধার হওয়া একটি আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।এদিকে, দুর্ঘটনায় আহত অপর যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম প্রাথমিক তদন্তের ভিত্তিতে সময়ের কন্ঠস্বর-কে জানান, “গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।” তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।দুর্ঘটনার পরপরই এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।বিশ্লেষকরা বলছেন, নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলোতে উচ্চগতির প্রবণতা দিন দিন বাড়ছে, যা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি চালকদের সচেতনতা বাড়ানো ছাড়া এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়ছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
