লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন ও অব্যাহত হামলার মুখে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।বুধবার (৮ এপ্রিল) তেহরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।তেহরানের ওই সূত্রটি জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করে, তবে ইরান এই চুক্তি আর মেনে চলবে না। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই চুক্তিতে লেবাননের ‘ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের’ বিরুদ্ধে লড়াই বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সকাল থেকে লেবাননজুড়ে ইসরায়েলের ‘বর্বরোচিত’ হামলা এই চুক্তির নজিরবিহীন লঙ্ঘন। বর্তমানে তেহরান পুরো পরিস্থিতি পর্যালোচনা করছে এবং যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিলের ঘোষণা দিতে পারে।ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়েছে। বর্তমান অভিযানের মধ্যে এটিই ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় ও বিধ্বংসী হামলা। মূলত গত ২রা মার্চ হিজবুল্লাহর একটি হামলার পর থেকেই ইসরায়েল লেবাননের অভ্যন্তরে অভিযান তীব্রতর করেছে।লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮১২ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে উদ্ধারকারীরা নিরন্তর কাজ করে যাচ্ছেন।ইরানের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। মাত্র শুরু হওয়া দুই সপ্তাহের সংক্ষিপ্ত শান্তি প্রক্রিয়া এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে, যা এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
