নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকদের প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত মো. বেলায়েত হোসেন রূপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক এবং সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।আদালত সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সোনাইমুড়ী শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা নগদ উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। দুদকের প্রাথমিক তদন্তে অভিযোগটি প্রমাণিত হয়।মামলাটি তদন্ত শেষে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ জহির উদ্দিন।দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন জানান, আদালত তিনটি ধারায় আসামিকে মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আত্মসাৎকৃত ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় প্রদানের সময় আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
