খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসন্ন বৈসাবী উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ব্যাপারে আজ রবিবার (৫ এপ্রিল) একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।দুপুরে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।সভায় রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিনসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৈসাবী উৎসব উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উৎসবকেন্দ্রিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, পর্যটক নিরাপত্তা, অপপ্রচার, চাঁদাবাজি ও নাশকতার আশঙ্কা নিয়ে আলোচনা করা হয় এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, “বৈসাবী পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করা হবে।”তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা নজরদারি জোরদার ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
