চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘর থেকে মুখ চেপে ধরে জিম্মি করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় নাদিম উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ঘটনাটি ঘটে ওইদিন সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালিনী গেট সংলগ্ন পাহাড়ি এলাকায়। গ্রেপ্তার নাদিম একই ইউনিয়নের হাসনাবাদ গ্রামের নাসিরুদ্দিনের ছেলে।সীতাকুণ্ড মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে শিশুটি তার ছোট ভাইয়ের সঙ্গে ঘরে খেলাধুলা করছিল। ওই সময় তার বাবা আল আমিন শেখ ও মা দুজনেই কর্মস্থলে ছিলেন। এই সুযোগে নাদিম ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে জিম্মি করে পাশের পাহাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে নাদিম তাকে ফেলে পাহাড়ের গহিন অরণ্যে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এলাকায় ফিরিয়ে আনেন। বুধবার রাতে শিশুটির পিতা থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ সীতাকুণ্ডের কুমিরা থেকে এক শিশুকে অপহরণের পর ইকোপার্ক সংলগ্ন পাহাড়ে নিয়ে শ্বাসনালি কেটে হত্যার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় জড়িত বাবু শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছিল। সাম্প্রতিক এই অপহরণ চেষ্টার ঘটনাটি এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুর ইসলাম বলেন, “দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছিল। ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
