দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও দেখা দিয়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ৯ জন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে, যাদের মধ্যে বর্তমানে ৫ জন চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে ৭ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলা থেকে আক্রান্ত শিশুরা জ্বর, সর্দি-কাশি ও শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে আসে। পরীক্ষার পর তাদের শরীরে হাম শনাক্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগে বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং আক্রান্তদের সেখানে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে আইসোলেশন ওয়ার্ডে শয্যা, প্রয়োজনীয় ওষুধ ও জনবল সংকট রয়েছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তাঁরা জানান, হাসপাতালে ভর্তির পর শিশুদের হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা চললেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে তাঁরা কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন।শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. রায়হান খান জানান, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে এবং তাঁদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সীমিত জনবল ও কিছু ওষুধের ঘাটতির বিষয়টি স্বীকার করেছেন সংশ্লিষ্টরা।এ বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. মো. শাহজাহান বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা না নিলে এ রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে।” তিনি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধি না করলে জেলায় হাম রোগের বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
