মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই আড়তের এক কর্মীকেও পিটিয়ে আহত করা হয়।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভুরঘাটা ফলের আড়ত এলাকায় ঘটে।পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ভুরঘাটা ফলের আড়ত এলাকার ‘জুনায়েদ ফল ভান্ডার’-এর মালিক জয়নাল সরদার ও তাঁর ছোট ভাই রানা সরদারের (২২) সঙ্গে একই এলাকার খুচরা ফল ব্যবসায়ী রফিক মোল্লার রোববার (২৯ মার্চ) সকালে পাইকারি ফল কেনাবেচা নিয়ে বাগ্বিতণ্ডা হয়।পরবর্তীতে ওই ঘটনার মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় ভুরঘাটার ‘মাহিয়া ফল ভান্ডার’-এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে রফিক মোল্লা ও তাঁর লোকজন ধারালো অস্ত্র দিয়ে রানা সরদারকে কুপিয়ে জখম করেন। এ সময় তাঁকে বাঁচাতে গেলে ‘জুনায়েদ ফল ভান্ডার’-এর কর্মী রাকিব হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আড়তে থাকা নগদ টাকাও লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “ভুরঘাটায় ফল কেনাবেচা নিয়ে সালিশ বৈঠকে মারামারির ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
