নড়াইলের তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ঘাতক ট্রাকচালক সুজাত আলীকে (৫০) যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। রবিবার (২৯ মার্চ) দুপুরে বেনাপোল থেকে ঘাতক ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।নিহত নাহিদ সরদারের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে রোববার নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৩) দায়ের করেন। নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত নাহিদ ও অভিযুক্ত চালক সুজাত আলী উভয়েই তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে ম্যানেজার নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালক সুজাত আলীর কথা কাটাকাটি হয়। রাত ১টা ৪০ মিনিটের দিকে নাহিদ কাজ শেষে সহকর্মী জিহাদুলকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা ঘাতক ট্রাকচালক দ্রুত গতিতে পাম্প থেকে ট্রাক নিয়ে তাঁদের পিছু নেয়।ফিলিং স্টেশনের পাশে রেল সেতুর নিচে পৌঁছালে পিছন দিক থেকে ট্রাকটি সজোরে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে নাহিদ ও জিহাদুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর নড়াইল জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে। নড়াইল জেলা পুলিশের নির্দেশনায় ও র্যাবের সহযোগিতায় রোববার দুপুরে প্রথমে বেনাপোল থেকে ঘাতক ট্রাকটি (যশোর-ট-১১-৬০৪০) পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে যশোর থেকে অভিযুক্ত চালক সুজাত আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। সুজাত আলী পেড়লী গ্রামের ছাইদুর রহমানের ছেলে।নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
