স্বাধীনতা দিবসে সুনামগঞ্জের আদালত চত্বরে স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা কর্মীগন ফুল দেয়ার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।মামলা করেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। মামলার এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে।তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। স্বাধীনতা দিবসের সকালে সুনামগঞ্জ আদালত চত্বরে স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেন তারা।পরে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য,সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মনিষ কান্তি দে ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মিজানুর রহমান শামীমকে গ্রেফতার করে পুলিশ। এরপর শুক্রবার দুপুরে কারাগারে তাদের পাঠানো হয়েছে।জানা গেছে,স্বাধীনতা দিবসের সকালে বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা মিছিল নিয়ে আদালত চত্বরে থাকা স্মৃতিসৌধে যায় এবং স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে ২৫- ৩০ জন আইনজীবী। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। এ সময় তাঁরা ‘জয়বাংলা-জয় বঙ্গবন্ধু স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে শেখ শেখ মুজিব লও লও সালাম স্লোগান দেন। পরে মিছিল স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।পুলিশের একটি সুত্র জানায়,মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড খায়রুল কবির রুমেন,যুগ্মসম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম,শান্তিগঞ্জের যুবলীগ সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বোরহান উদ্দিন দোলন,আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগের নেতা বিমান রায়, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল,শুকুর আলী,হাসান মাহবুব সাদী,পঙ্কজ তালুকদার সহ ২৭ জন আইনজীবীর নাম আছে।সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন,স্লোগান দিয়েছেন মামলায় তাঁদের সবাইকে আসামি করা হয়েছে। এফএস
Source: সময়ের কন্ঠস্বর
