চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দারুণ শুরু করেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম তিন ম্যাচে ১২ গোল করেছে তারা। এবার মুদ্রার উল্টো পিঠটাও দেখল দলটি। বুধবার (৫ অক্টোবর) ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ‘প্রুশিয়ান’রা। এদিন দারুণ সব গোছানো আক্রমণে শুরু থেকেই ডর্টমুন্ডের ওপর চাপ তৈরি করে সিটি। প্রথমার্ধের ত্রিশ মিনিটের মধ্যেই ফিল ফোডেন ও অ্যারলিং হল্যান্ডের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটিজেনরা। ম্যাচের ১০তম মিনিটে ফোডেনের জোরালো শট রুখে দেন বরুশিয়া গোলরক্ষক কোবেল। ১৬তম মিনিটে আবারও সুযোগ তৈরি করে পান এই ইংলিশ ফুটবলার। এবারো বাঁধা হয়ে দাঁড়ান কোবেল। তবে ২২তম মিনিটে আর ফোডেনকে আটকাতে পারেনি বরুশিয়া। টিয়ানি রেইনডার্সের পাস থেকে কোনাকুনি শটে জালে বল জড়ান ফোডেন। এরপরই ব্যবধান দ্বিগুণ করেন অসাধারণ ছন্দে থাকা হল্যান্ড। জেরেমি ডোকুর কাটব্যাক ডি-বক্সের মাঝামাঝি পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন নরওয়ের তারকা।এবারের চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচেই জালের দেখা পেলেন হল্যান্ড। আসরে চার ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ১৮টি।প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আবারও গোলের দেখা পায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৫৭তম মিনিটে রেইনডার্সের পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন। তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বরুশিয়া। ৭২তম মিনিটে একটি গোল শোধ করে জার্মানরা। ডান দিক থেকে সতীর্থের পাসে বাঁ পায়ের ছোঁয়ায় ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন আন্টন। বাকি সময়েও আক্রমণের ধারা অব্যাহত রাখে তারা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি জার্মান দলটি। উল্টো যোগ সময়ে বরুশিয়ার কফিনের শেষ পেরেকটি ঠোকেন ফরাসি মিডফিল্ডার রায়ান শের্কি। এ জয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
